উখিয়া ক্যাম্পের বাহির থেকে ১৫০০ রোহিঙ্গা আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

কক্সবাজার জেলার উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। খবর বিবিসির। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে জানান যৌথবাহিনীর এক কর্মকর্তা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনার কথা তিনি জানান।

ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে জায়গা নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু তারপরও তারা নিয়ম ভেঙ্গে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে। যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

বর্তমানে আটকদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে। পরে তাদের স্থানীয় জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, তাদের আমরা এখনই ক্যাম্পে পাঠাব না। আগে সবাইকে আটক করা হবে। তারপর অনুসন্ধান করা হবে যে তারা কেন ক্যাম্পে নিজেদের নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে তাদের ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো ব্যবস্থা করা হবে।

এদিকে ক্যাম্পের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানান স্থানীয় সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত