বায়ার্ন মিউনিখের হয়ে প্রায় প্রতি ম্যাচে জালের দেখা পাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ এই তারকা ফরোয়ার্ড গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তার অর্জনের মুকুটে নতুন করে যুক্ত হলো আরেকটি পালক।
বুন্ডেসলিগায় কোলোনের বিপক্ষে কেইনের একমাত্র গোলে জয়ের স্বাদ পায় বায়ার্ন। এই গোলে দলকে শীর্ষে তোলার সঙ্গে নতুন আরেকটি রেকর্ডও গড়েছেন কেইন।
চলতি মৌসুমে ১২ ম্যাচে বায়ার্নের হয়ে লিগে এনিয়ে ১৮টি গোল করলেন কেইন। ম্যাচের ২০ মিনিটে করা গোলটি দিয়ে রেকর্ডের নতুন পাতায় নাম লেখান তিনি। বুন্ডেসলিগায় এক মৌসুমে ১৮ গোল করা প্রথম ইংলিশ খেলোয়াড় এখন কেইন। এর আগে ১৭ গোল করে যৌথভাবে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন জাদন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড, ২০১৯–২০) ও কেভিন কেগান (হামবুর্গ, ১৯৭৮–৭৯)।
এর আগে লিগের সর্বশেষ ম্যাচে হেইডেনহেইমের বিপক্ষে জোড়া গোল করেছিলেন কেইন। সেই দুই গোলের পর ১১ লিগ ম্যাচে তার গোলসংখ্যা হয় ১৭। যা ১১ ম্যাচ শেষে জার্মানির শীর্ষ লিগটির ইতিহাসে সর্বোচ্চ গোল ছিল। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
রেকর্ড গড়া গোলে দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কেইন। দলের জয়ে উচ্ছ্বসিত কেইন লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে দারুণ একটি জয়। ম্যাচজুড়েই আমাদের আধিপত্য ছিল। এটা ধরে রাখতে হবে।’
লিগ টেবিলে শীর্ষে থাকা বায়ার্নের ১২ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট এখন ৩২। এক ম্যাচ কম খেলে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুসেন।