দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সদর-৫ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল সদর ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। কিন্তু দল তাকে মনোনীত করেনি। রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর কালীবাড়ি রোড সাদিক আব্দুল্লাহর বাসায় তার অনুসারীরা জমায়েত হন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা সভা চলে। ওই সভায় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিবর্গ, মহানগর আওয়ামী ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত সাদিক আব্দুল্লাহ অনুসারী ও মহানগর আওয়ামী লীগের সভাপতির ঘনিষ্ঠ দেশ রূপান্তরকে বলেন, 'নেতার বাসায় এখন সভা চলছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দরা সবাই চাইছেন সোনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করুক। এই সিদ্ধান্তই বহাল থাকতে পারে। তবে আগামী ২৯ নভেম্বরের মধ্যে যেকোনো দিন তিনি মনোনয়ন কিনতে পারেন।
এদিকে সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ রইস আহমেদ মান্না তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'দেখা হবে, সিদ্ধান্ত চূড়ান্ত। ইনশাআল্লাহ্।'
বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।