চলতি মাসের শুরুর দিকে সোশ্যালে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও। অন্য এক মেয়ের ভিডিওতে রাশমিকার মুখ বসিয়ে সেটি সোশ্যালে ছেড়ে দেওয়া হয়েছিল যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক দিনের ব্যবধানে একই কাণ্ডে তোপের মুখে পড়েন ক্যাটরিনা কাইফ ও কাজল। ‘টাইগার ৩’ ছবিতে স্নানপোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে।
অন্যদিকে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয় এমন একটি ভুয়া ভিডিও, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন কাজল। এরপর সোমবার ডিপফেকের শিকার হন আলিয়া ভাট। এক মাসের মধ্যে এমন ডিপফেক ভিডিওর তোপে পড়লেন বলিউডের চার নামী অভিনেত্রী। নিজের আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া। তবে অভিনেত্রীর স্বামী রণবীর কাপুরকে পাশে নিয়ে এ প্রসঙ্গে ফের সরব হলেন রাশমিকা।
ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সন্দীপ রে়ড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। সেই ছবিরই একটি প্রচারণামূলক অনুষ্ঠানে রাশমিকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি যখন প্রথম ওই ভিডিয়ওটা দেখি, তখন রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবিওনি যে, আমি কারও থেকে কোনও রকম সাহায্য পাব। তার পরে আমার পাশে এসে দাঁড়ান অমিতাভ বচ্চন। আমি তার কাছে কৃতজ্ঞ। তবে তার পরেও যা যা ঘটনা ঘটে যাচ্ছে, আমি এটুকুই বলতে পারি যে এই বিষয়টা স্বাভাবিক নয়।’
রাশমিকা আরও বলেন, ‘কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। নিজে এগিয়ে এসে আওয়াজ তুললে এমন অনেকেই আছেন, যারা আপনার পাশে দাঁড়াবেন।’
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে আলিয়ার ডিপফেক ভিডিও। সেই ভিডিওতে একটি খোলামেলা পোশাকে দেখা গেছে তাকে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ভিডিও থেকেই স্পষ্ট, ওই মেয়ে আদৌ আলিয়া নন। তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে। সমাজমাধ্যমের পাতায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আলিয়া।
রাশমিকা এই বিষয়ে কথা বললেও আলিয়ার স্বামী রণবীর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।