চট্টগ্রামে মাদক চোরাচালানের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে সুমন সাহা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ নভেম্বর) মধ্যরাতে নগরের রিয়াজউদ্দিন বাজারে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন সাহা (২৫) মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি নগরের গোলাপ সিংহ এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং পারিবারিক স্বর্ণের ব্যবসা চালাতেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে ঘটনার মূলহোতা দুলু নামের এক যুবক রয়েছে।
পুলিশ জানায়, সুমন সাহা নগরের রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় রবিবার (২৬ নভেম্বর) গিয়েছিলেন। এরপর গতকাল সোমবার বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ হয়নি। ওই বাসাতেই সোমবার রাতে সুমন খুন হয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী।
এর আগে মারধরে অসুস্থ হয়ে পড়লে সুমনের মামাকে ফোন করে সেখানে ডেকে নেয় অন্যরা। পরে সুমনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
সিএমপির সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, মূল আসামি দুলুসহ তিনজনকে আমরা আটক করেছি। এরাই মূলত সুমনকে পিটিয়ে হত্যা করেছে। দুলুর সঙ্গে সুমনের আগে থেকেই পরিচয় ছিল। ওই ব্যাচেলর বাসায়ও তাদের যাতায়াত ছিল। মূলত মাদক ও স্বর্ণ চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।