উচ্চ বুদ্ধিমত্তার কারণে গিনেস বুকে ২ বছর বয়সী ইসলা   

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ক্রেস্টউড শহরের দুই বছর বয়সী মেয়ে ইসলা ম্যাকন্যাব উচ্চ বুদ্ধিমত্তা (হাই আইকিউ) সোসাইটি মেনসার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসলার ব্যতিক্রমী বুদ্ধিমত্তা নিশ্চিত করে বলেছে, ইসলা স্ট্যানফোর্ড-বিনেট ইন্টেলিজেন্সের মাপকাঠিতে তার বয়সের গ্রুপে ৯৯ শতাংশ স্কোর করেছে। এই বিস্ময়কর শিশুপ্রতিভা তার বয়সে স্বাভাবিকের চেয়েও বেশি জ্ঞান রাখে বলে প্রমাণিত হয়েছে, আশা করা যায় সে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে।

মেনসা ইন্টারন্যাশনাল হলো বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম উচ্চ-আইকিউ সোসাইটি। শতাধিক দেশে এক লাখ ৪০ হাজারের বেশি সদস্য রয়েছে এর। এতে সদস্য হওয়ার জন্য অবশ্যই একটি প্রমিত আইকিউ পরীক্ষায় ৯৮ শতাংশ বা তার বেশি স্কোর করতে হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ইসলা এর চেয়েও কম বয়স থেকে বেশ মনোযোগী, এমনটাই লক্ষ্য করেছেন শিশুটির বাবা-মা। এরপর আরেকটু বয়স হলে সে যখন শিখতে শুরু করলো দেখা গেল দ্রুত রং, সংখ্যা, বর্ণ চিনতে পারে ইসলা। শিশুটির বাবা জানান, ছবির বইতে যেকোনো বস্তু দেখাতে বললে মাত্র ৭ মাস বয়সী ইসলা আঙুল দিয়ে বস্তুটির ছবি দেখিয়ে দিতে পারতো।  

একজন মনোবিজ্ঞানী ইসলাকে বুদ্ধিমত্তা পরীক্ষা করেছেন, যিনি প্রতিভাধর শিশুদের বিশেষজ্ঞ। তিনি জানান, সাধারণত এত কম বয়সী শিশুদের তিনি পরীক্ষা করেন না। কিন্তু ইসলার প্রতিভার কথা জেনে তিনিই আগ্রহী হয়ে তা যাচাই করেছেন।