কিশোরগঞ্জের ভৈরবে মো. নজরুল ইসলাম মামুন (৫২) নামের এক ব্যাংক কর্মচারী মোটরসাইকেল চাপায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মামুন উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিম পাড়া সরকার বাড়ির মরহুম ফজলুল হক মেম্বারের ছেলে এবং ভৈরব বাজারস্থ সালাম প্লাজায় অবস্থিত আল আরাফা ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী ছিলেন।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, এটিএমবুথের ডিউটি শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেন। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিয়ে ওই অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আসার পরই তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।