বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল প্রেম করছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। অবশেষে গুঞ্জন সত্যি হলো। পর্দার ‘মন্টু পাইলট’-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন দর্শনা। অভিনেত্রী জানান, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কলকাতার প্রথম সারির হোটেলে বসবে বিয়ের আসর। দর্শনা বণিক বলেন, হ্যাঁ। খবরটি সত্যি। আগামী ১৫ ডিসেম্বর আমরা বিয়ে করতে যাচ্ছি। জানা গেছে, বিয়ের দিন বাঙালি সাজেই দেখা যাবে হবু বর-কনেকে। দর্শনার বিয়ের লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। অন্যদিকে পর্দার ‘মন্টু পাইলট’ সৌরভ সাজবেন ধুতি পাঞ্জাবিতে। কলকাতার পাশাপাশি দর্শনা বণিক বাংলাদেশেও বেশ পরিচিত। বেশ কয়েকবারই এখানে এসেছেন। কাজ করেছেন ঢাকাই সিনেমাতেও। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা রয়েছে মুক্তির অপেক্ষায়।