সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন না পেয়ে অনেক আওয়ামী লীগ এবং মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন। ৪টি আসনেই নৌকার প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ নেতারাই নির্বাচন করতে যাচ্ছেন। আজ বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতা এবং সাবেক সংসদ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে।
রিটানিং কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ জানান, আজ পর্যন্ত সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ১০ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামীকাল অনেকেই ক্রয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারেন।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিন বারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ ছাড়াও শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ চন্দ্র সরকার। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যপারে মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি এবং স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করব।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এ ছাড়াও নৌকার মনোনয়ন না পেয়ে সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এই আসনে নৌকার প্রার্থী বর্তমান পুলিশের আইজিপি’র ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। প্রার্থী হওয়ার ব্যাপারে জয়া সেন দেশ রুপান্তরকে জানিয়েছেন, আমি নির্বাচনে প্রার্থী হব। আমার স্বামী যাদেরকে নেতা বানিয়েছেন তারাই আজ আমার প্রতিপক্ষ। যেহেতু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে। তাই আমি প্রার্থী হচ্ছি।
সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে নির্বাচন করতে পারেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খাইরুল কবির রুমেন। তিনি এই আসনে মনোনয়ন ফরম আগামীকাল ক্রয় করে জমা দিতে পারেন বলে জানা যায়। এ ব্যপারে খাইরুল কবির রুমেন বলেন, আমি নির্বাচন করতে পারি। আমার বাবা এই আসনের সংসদ সদস্য ছিলেন। আগামীকাল পর্যন্ত তো ফরম কিনে জমা দেওয়ার সুযোগ রয়েছে দেখা যাক কি হয়!
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন সাবেক সচিব মোহাম্মদ সাদিক।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আমি নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামীকাল সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম জমা দিবও। নির্বাচনের মাঠ উন্মুক্ত। তাই আমি নির্বাচন করছি। এর আগে ২০১৪ সালে দলের মনোনয়ন পাওয়ার পর দলের বৃহত্তর স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করি। আশা করি এই নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের মানুষ আমাকে নিরাশ করবেন না।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। এ বিষয়ে জানতে শামীম চৌধুরীর আহমদ চৌধুরীর সঙ্গে ফোনে কল করা তিনি ধরেননি।