টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক চমক দিয়ে এখন ইতিহাস গড়ার দুয়ারে উগান্ডা। ২০ ওভার ক্রিকেটের আগামী বৈশ্বিক আসরের টিকেট পাওয়া থেকে স্রেফ এক জয় দূরে আফ্রিকার দেশটি।
আফ্রিকান বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ রুয়ান্ডাকে হারালেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে উগান্ডা। আর তাতে কপাল পুড়বে মহাদেশের দুই পরিচিত মুখ জিম্বাবুয়ে এবং কেনিয়ার।
ঐতিহাসিক সেই জয়ের জন্য রুয়ান্ডার মুখোমুখি হয়েছে উগান্ডা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া এরই মধ্যে নিশ্চিত করে ফেলছে বিশ্বকাপে খেলা। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে উগান্ডা ছাড়াও আছে জিম্বাবুয়ে ও কেনিয়া।
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে উগান্ডার পয়েন্ট ৮। তলানিতে থাকা রুয়ান্ডার বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ১০।
হারলেও সম্ভাবনা থাকবে উগান্ডার। তবে তখন তাদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যকার ম্যাচের দিকে। ওই দুই দলই ৫ ম্যাচে ৬ করে পয়েন্ট পেয়েছে। জিম্বাবুয়ে জিতলে নেট রানরেটে উগান্ডার চেয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেবে সিকান্দার রাজার দল। কেনিয়াকে অবশ্য জিততে হবে বড় ব্যবধানে।