রাজা হওয়ার মোহ ছাড়লেন উগান্ডার এক ফুটবলার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

রাজকীয় সিংহাসনের মোহ ত্যাগ করে ফুটবল মাঠ ও নিজের ব্যক্তিগত দায়িত্বকেই প্রাধান্য দিলেন ইংল্যান্ডের এক অপেশাদার গোলকিপার। উগান্ডার ঐতিহ্যবাহী ‘তোরো’ সাম্রাজ্যের রাজা হওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন জর্জ ডেসমন্ড কামুরাসি নামের ৩৬ বছর বয়সী এই আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলার।

ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল লিগের ক্লাব ‘এসই ডনস’-এর অধিনায়ক ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার স্থানীয় ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত। সম্প্রতি উগান্ডার তোরো রাজবংশের রাজা ওইয়ো নযিম্বা কাবাম্বা ইগুরু রুকিডি (৪র্থ)-এর প্রয়াণের পর রাজকীয় উত্তরাধিকার কমিটি নতুন ‘ওমুকামা’ (রাজা) নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। ২১ সদস্যের গঠিত এই কমিটির উপস্থিত ১৮ জন সদস্যের মধ্যে ১৫ জনই কামুরাসিকে তাদের প্রথম পছন্দ হিসেবে ভোট দেন।

তবে কমিটির অন্যতম সদস্য ফাদার ড. চার্লস ওইয়ো জানান, রাজকীয় পছন্দ তালিকায় শীর্ষ নম্বরে থাকা কামুরাসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রস্তাব ফিরিয়ে দেন। কামুরাসি জানান, লন্ডনে তার নানাবিধ সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব রয়েছে, যা ছেড়ে উগান্ডায় গিয়ে রাজত্ব সামলানো তার পক্ষে সম্ভব নয়।

প্রথম প্রার্থী রাজপ্রাসাদে যেতে অপারগতা প্রকাশ করার পর, উত্তরাধিকার কমিটি তাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিন্স এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমাকে নতুন রাজা হিসেবে মনোনীত করে। তিনি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘উগান্ডা ব্রডকাস্টিং কর্পোরেশন’-এর একজন সংবাদ পাঠাক ও সম্পাদক। ফোর্ট পোর্টালে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

জর্জ ডেসমন্ড কামুরাসি

তবে নতুন রাজা নির্বাচনকে ঘিরে তোরো রাজপরিবারে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রয়াত রাজা ওইয়োর মা ও বোন কমিটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ২০২২ সালের একটি উইলের তথ্য উল্লেখ করে তারা দাবি করেন, আইনগত স্বীকৃতি পেলে প্রয়াত রাজার আপন ছেলেই নিয়ম অনুযায়ী সিংহাসনের আসল দাবিদার। এ বিষয়ে রাজ্য নেতৃত্ব আইনি দিক ও প্রথা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

 

উল্লেখ্য, উগান্ডায় নির্বাচিত রাষ্ট্রপতি ও সংসদীয় শাসনব্যবস্থা থাকলেও সেখানকার ঐতিহ্যবাহী রাজপরিবারগুলোর রাজকীয় ক্ষমতার কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তবে সামাজিক ও সংস্কৃতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্ব লন্ডনের বেক্সলিহিথ ভিত্তিক ক্লাব ‘এসই ডনস’-এ বেশ জনপ্রিয় মুখ কামুরাসি। ২০১৪ সালে ব্রিটিশ র‍্যাপার ডন স্ট্র্যাপজি প্রতিষ্ঠিত এই ক্লাবটি শুরুতে ইউটিউবে তুমুল পরিচিতি পায় এবং পরবর্তীতে মূল ইংলিশ ফুটবল পিরামিডে যুক্ত হয়। ম্যাচের আগে ড্রেসিংরুমে আবেগপূর্ণ ও জোরালো বক্তব্য দেওয়ার জন্য কামুরাসি বিশেষভাবে খ্যাত। বর্তমানে তার দল প্রথমবারের মতো এফএ কাপের লড়াইয়ে নেমেছে এবং গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত