উগান্ডার জাতীয় ফুটবল দলের তারকা এবং দেশটির শীর্ষ স্থানীয় ক্লাব ‘এসসি ভিলা’র অধিনায়ক ডেভিড ওওয়ারি মারাত্মক হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। দেশটির রাজধানী কাম্পালায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কাম্পালা পুলিশ মুখপাত্র রাচেল কাওয়ালা জানান, গত মঙ্গলবার কাম্পালার উপশহরে দুষ্কৃতকারীদের হামলায় ওওয়ারি মারাত্মকভাবে আহত হন। পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উগান্ডার জাতীয় ক্রীড়া পরিষদ এই ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেছে, "সাম্প্রতিক সময়ে উগান্ডার ক্রীড়াঙ্গন একের পর এক এমন ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছে। আমরা দ্রুত ন্যায়বিচার এবং এই নিরাপত্তা সংকটের স্থায়ী সমাধান প্রত্যাশা করছি।"
রাজধানী কাম্পালায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
