দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ ছাড়াও স্বতন্ত্র, জাতীয় পার্টি, বিএনএম, জাকের পার্টি, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। পাবনা জেলা প্রশাসক ও দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পাবনা-১ আসনে মোট ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বর্তমান এমপি শামসুল হক টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এছাড়া আরও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, জাসদ, জাকের পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থী।
পাবনা-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবীর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুল হক। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ডলি সায়ন্তনী। এ ছাড়া তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থীরা।
পাবনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান এমপি মকবুল হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য পদত্যাগী চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলুসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
পাবনা-৪ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা পাঞ্জাব আলী বিশ্বাস। আরও মনোনয়ন দাখিল করেছেন জাতীয় পার্টি, এনপিপি, কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন দলের প্রার্থীরা।
পাবনা-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি গোলাম ফারুক প্রিন্স। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির আব্দুল কাদের খান, ওয়াকার্স পার্টির জাকির হোসেনসহ কয়েকটি দলের প্রার্থীরা।