মাদারীপুরের শিবচরে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম সুমন মিয়া শিকদার। তিনি শিবচরের বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক । ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী, ছাত্রীর বাবা এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, শিক্ষক সুমন মিয়া শিকদারের কাছে গত ২৩ নভেম্বর বিকেলে স্কুলসংলগ্ন একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায় ওই স্কুলের এক ছাত্রী। সে সময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসেনি। এ সময় ওই শিক্ষক তাকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। পরে সে কোচিং থেকে দৌড়ে বেরোতে সক্ষম হয় এবং বাড়ি গিয়ে পরিবারকে জানালে তারা স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিবচর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সুমন শিকদারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।