রংপুর-৩ আসন

তৃতীয় লিঙ্গের রানী জমা দিয়েছেন মনোনয়নপত্র

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজনসহ অন্যরা।

জানা গেছে, আনোয়ারা ইসলাম রানী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য গঠিত রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। অনেকদিন থেকেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘সর্বক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে রংপুর বরাবরই বঞ্চিত থাকে। যার কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই।

তাই রংপুর-৩ আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে  চাই।’

তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুল আলম।