দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দাখিলে দুই ভাই

রাজবাড়ী-১ আসনে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের আপাত অবসান হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ কাজী কেরামত আলী গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করছেন। সঙ্গে ছিলেন তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। দ্বন্দ্ব ভুলে উৎসবমুখর পরিবেশে দুই ভাইয়ের সমর্থক-নেতাকর্মীরা একসঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যান।

গতকাল দুপুর ১টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কক্ষে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সাংসদ কাজী কেরামত আলী। পরে উপজেলা পরিষদের কক্ষে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী দুজনই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। অনেকে ধারণা করেছিলেন, ছোট ভাই কাজী ইরাদত আলী ‘বিদ্রোহী’ প্রার্থী হবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বন্দ্ব ভুলে দুই ভাই একসঙ্গে হাত উঁচিয়ে সবার কাছে নৌকাকে বিজয়ী করতে সহযোগিতা চান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ম-ল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ নিজাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান। সংসদ সদস্য পদপ্রার্থী কাজী কেরামত আলী বলেন, ‘আজ থেকে আমাদের আর কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করব, নৌকার জন্য কাজ করব। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না।’