আচরণবিধি ভাঙায় চার মন্ত্রী সাকিবসহ ২১ প্রার্থীকে শোকজ

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও আচরণবিধি ভেঙে শোভাযাত্রা করেছেন প্রার্থীরা। বিধি অনুযায়ী প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি নেতাকর্মীর না যাওয়ার নির্দেশনা সত্ত্বেও মিছিল নিয়ে অনেক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছড়া অনেকে আবার যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সভা-সমাবেশও করেছেন। আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি জাতীয় পার্টি (জাপা) এবং স্বতন্ত্র প্রার্থীরাও আছেন আচরণবিধি লঙ্ঘনের তালিকায়। তবে যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে জানা গেছে, আচরণবিধি

লঙ্ঘন করায় তাদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শোকজ করা হয়েছে তারা হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল ও ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও নাটোর-৩ আসনের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এ ছাড়া সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও (গাজীপুর-৫) আসনের নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদ। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ, চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিব্বুর রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দারকে আচারণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

গত বুধবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছেন মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেদিন বিশাল গাড়িবহর নিয়ে তিনি এলাকায় যান। শহরের স্টেডিয়ামে রীতিমতো মঞ্চ বানিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সাকিবকে শোকজ করা চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আসার সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন সাকিব আল হাসান। এ সময় নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাকে অনুসন্ধান কমিটির দপ্তরে আজ বিকেল ৩টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিধিভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে। এনামুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিয়েছেন এবং ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগেই প্রচারণা চালিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

মনোনয়ন জমাদানের সময় সশস্ত্র কর্মীসহ মিছিল করে বিধি লঙ্ঘন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি আজ সকাল ১০টায় তাদের জবাব দিতে বলেছে।

সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ এসেছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিতর্কিত আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মোস্তাফিজ সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ করেছে ইসি।

লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম ফারুক পিংকু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী রবিবার (৩ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিধি লঙ্ঘন করে শোভাযাত্রার অভিযোগে শোকজ করা হয়েছে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সনকে। নির্বাচনী অনুসন্ধান কমিটির ফরিদপুর-৪-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল ৩টায় ফরিদপুর-৪-এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। গতকাল বৃহস্পতিবার আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে এ নির্দেশনা দেন।