ভারতের ৪৪ টি স্কুলে বোমাতঙ্ক

ভারতের বেঙ্গালুরুর অন্তত ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বেনামি ইমেইলে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইমেইলে দাবি করা হয়েছে, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বোমা হামলার হুমকি পাওয়ার পরই শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলো। খবর পেয়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বেঙ্গালুরু পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হুমকি দেওয়া সব স্কুল ফাঁকা করে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মিথ্যা হুমকি দিয়ে ইমেইল করেছে। তবে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীকে নিয়ে প্রতিটি স্কুল প্রাঙ্গণে ব্যাপকভাবে তল্লাশি চালানো হচ্ছে।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৪৪টি স্কুল থেকে এই ইমেইল পাওয়ার খবর পেয়েছি। গত বছরও একই রকমের হুমকি দেওয়া হয়েছিল। তবে ঝুঁকি নেওয়া যায় না। যে বা যারা এই হুমকি দিয়েছে,  তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।’ 

গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরণের হুমকি ইমেইল এসেছিল। কিন্তু সেগুলোর সবকটিই পরে ভুয়া হুমকি বলে প্রমাণিত হয়। এবারও সেই রকমই কিছু ঘটেছে বলে মনে করছে পুলিশ। তবে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, পুলিশের সন্ত্রাস দমন শাখার অসংখ্য কর্মী হুমকি পাওয়া স্কুলগুলোর প্রাঙ্গণ স্ক্যান করছে। এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ইমেইল ভুয়া হলেও জড়িতদের খুঁজে বের করা হবে।