নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পরীক্ষা চলাকালে সংঘটিত ওই হামলার পর শিক্ষার্থীসহ অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর: আল-জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (২৯ জুন) সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায়। শহরটিতে কয়েক বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালিয়ে আসছে।
মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি জানায়, পরীক্ষা চলাকালে গোষ্ঠীটি বিদ্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় এখনও অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
সেনাবাহিনী জানায়, সশস্ত্র এ হামলায় এক সেনাসদস্য ও এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ ১০ জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।
এলাকার স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা সাংবাদিকদের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা শেয়ার করে নিয়েছেন। তালিকায় শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। একটি গোয়েন্দা সূত্রও এএফপিকে একই তালিকা দেখিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে লাসায় সাংবাদিকদের বলেছেন, এখনও ২৫ ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।
আল-জাজিরা জানায়, মুক্তিপণের জন্য অপহরণ দেশটির সংঘাত-কবলিত উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় শিক্ষার্থীদেরই লক্ষ্যবস্তু করা হয়।