বেঙ্গালুরুর ৪৪ স্কুলে বোমাতঙ্ক

ভারতের বেঙ্গালুরুর কমপক্ষে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে ই-মেইল মারফতে হুমকি দেওয়া হয়, স্কুলের চত্বরে বিস্ফোরক রাখা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বোমা হামলার হুমকি পাওয়ার পরই শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলো। খবর পেয়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়ার খবর জানা যায়নি।

বেঙ্গালুরু পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হুমকি দেওয়া সব স্কুল ফাঁকা করে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মিথ্যা হুমকি দিয়ে ই-মেইল করেছে। তবে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী নিয়ে প্রতিটি স্কুল প্রাঙ্গণে ব্যাপকভাবে তল্লাশি চালানো হচ্ছে।