চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

কক্সবাজার জেলার চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জিহাদ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

শুক্রবার (১ডিসেম্বর) রাত ৮ দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. বাচ্চুর ছেলে।

এদিকে পুলিশের কাছে হস্তান্তর করা সন্দেহভাজন যুবকের নাম মো. সোহান (২৫)। তিনি কোনাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও কোনাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড়ের নারী সদস্য বকুল আকতার জানান, আটক সোহান পেশায় ইজিবাইক (টমটম) চালক।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে পুলিশে দিয়েছে। 

ওসি আরো জানান, ছুরিকাহত জিহাদকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।