কবর খুঁড়তেই উঠে এলো পুতুল-তাবিজ!

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একটি কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও কয়েকটি তাবিজ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (০৩ ডিসেম্বর) সকালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের পাঁচগাছি ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় কবরস্থানে তার কবর খুঁড়তে গিয়ে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুতুলগুলো ভেঙে ফেলে। স্থানীয় লোকজন বলছেন, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।

স্থানীয় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষক তার ফেসবুকে লিখেছেন, কবরস্থানে কবর খুঁড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজসহ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এগুলো কিসের হতে পারে?

এ বিষয়ে ওই শিক্ষক বলেন, কবরস্থানে খবর খুঁড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। তা দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে কবিরাজি ও জাদু করার জন্য এমনটা হয়তো কেউ করেছেন। এ রকম ঘটনায় এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।  

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। কবরস্থানে তারই কবর খুঁড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত হয়েছে। বলা মুশকিল কবরস্থানে এমনটা কেন হলো।