সিলেটে মোকাব্বিরসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র রবিবার যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সিলেট-২ আসনের বর্তমান সাংসদ, গণফোরাম নেতা মোকাব্বির খানসহ ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্থগিত হয়েছে আরও দুজনের। মনোনয়নপত্র জমাদানকারী মোট ৪৭ প্রার্থীর মধ্যে বাকি ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ ঘোষণা দেন।

বর্তমান সাংসদ মোকাব্বির খানের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসার জানান, মোকাব্বির খান গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্রে দলের প্রধান হিসেবে যার স্বাক্ষর থাকার কথা তা ছিল না। তিনি নিজে গণফোরামের নির্বাহী সভাপতি উল্লেখ করে নিজেই নিজের মনোনয়নপত্র প্রত্যয়ন করেছেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে কিছু জানানো হয়নি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে মোকাব্বির খান বলেন, 'আমি গণফোরামের নির্বাহী সভাপতি এটা নির্বাচন কমিশন জানে। তাদের সঙ্গে আলাপ করেই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনে দেখা করবো। এরপরই সব ঠিক হয়ে যাবে।'

সিলেট-১ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের ড. এ কে আবদুল মোমেন, জাকের পার্টির আবদুল হান্নান, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের।

এ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আবদুল বাছিতের মনোনয়নপত্র বাতিল ও ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির আবদুল মান্নান খান, জাকের পার্টির ছায়েদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেলের।

এ আসনে মনোনয়নপত্র বাতিল রয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।

সিলেট-৩ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির আতিকুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির আনোয়ার হোসেন আফরোজ, ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুমের।

মনোনয়ন বাতিল হয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ফখরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কফিল আহমদ চৌধুরীর।

সিলেট-৪ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন কামরান, জাকের পার্টির আলী আকবরের।

বাতিল হয়েছে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেনের।

সিলেট-৫ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন শিকদার, স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবীর ও বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলমের।

মনোনয়ন স্থগিত হয়েছে তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসারের।

সিলেট-৬ আসেনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।