বগুড়ার চারটি আসনে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুটি রাজনৈতিক দলের চারজন এবং বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী।
রবিবার (০৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বগুড়া-১ থেকে ৪ আসনের মনোনয়ন বাছাই শুরু হয় রবিবার সকাল থেকে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইবনে সাফি বিন হাবীব, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইউনূস আলী, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে অজয় কুমার সরকার, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, মো. আফজাল হোসেন, মো. এরশাদুল হক, মো. জাকারিয়া হোসেন, মো. জামিরুল রশীদ তালুকদার, মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী ও আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মনোয়ার জাহিদ। এরা সবাই রিটার্নিং অফিসারের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
রিটার্নিং অফিসার ও বগুড়ার ডিসি সাইফুল ইসলাম বলেন, 'যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন।'
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাতটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে মোট ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বগুড়া-১ থেকে ৪ আসনে ১১ জনের বাতিল করা হয়। আগামীকাল সোমবার বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের যাচাই-বাছাই করা হবে।