দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আব্দুল আলী বেপারি। টানা তিনবার ইউপি নির্বাচনে জামানত হারানো আব্দুল আলীর প্রার্থিতা বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়েন।
আজ রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতার।
প্রার্থিতা বাতিলের কথা শুনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রার্থিতা ফেরত চেয়ে কান্না করতে করতে মেঝেতে গড়াগড়ি খান আব্দুল আলী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরামর্শ দেন।
জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী (৬০) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বেড়াডাঙ্গা এলাকার কিয়ামুদ্দিনের ছেলে। পেশায় কৃষক। কৃষিকাজের মাধ্যমে তার বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা এবং তার কাছে নগদ ২ লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন।