পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

পাকিস্তানের বাসে বন্দুকধারীদের হামলায় আট যাত্রী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে গিলগিট-বালতিস্তানের চিলাস শহরের কাছে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এতে আহত হয় আরও ১৫ জন। গত শনিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, ‘সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মনে করছে, এটি সন্ত্রাসী আক্রমণ। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

গুলি ছোড়ার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আগুন ধরে যায়। পুলিশ জানায়, বাসটি গিলগিট-বালতিস্তান থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।