গায়ানার ভূমি দখলে ভেনেজুয়েলায় গণভোট

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার তেলের খনিসমৃদ্ধ অঞ্চল ‘এসেকুইবো’ দখলে নিতে আবারও তৎপরতা শুরু করেছে ভেনেজুয়েলা। এ জন্য ভেনেজুয়েলা গতকাল রবিবার একটি গণভোট আয়োজন করে। সীমান্ত ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বিতর্কিত অঞ্চল এসেকুইবোর আয়তন ১ লাখ ৫৯ হাজার ৫০০ বর্গকিলোমিটারের মতো। সেখানে ১ লাখ ২৫ হাজার নাগরিকের বসবাস। অঞ্চলটি নিয়ে ভেনেজুয়েলা ও গায়ানার বিবাদ প্রায় শতবর্ষী। ১৮৯৯ সালে আন্তর্জাতিক আদালত জায়গাটিকে গায়ানার ঔপনিবেশিক শাসক ব্রিটেনের কাছে হস্তান্তর করে। ওই সময় জায়গাটি ব্রিটিশ গায়ানা নামে পরিচিত ছিল। তবে গায়ানার ওই অঞ্চলকে গত ৬০ বছর ধরে ভেনেজুয়েলার শাসকরা নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

১৯৬৬ সালে ব্রিটেন ও ভেনেজুয়েলার মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী গায়ানা স্বাধীনতা লাভ করে এবং ওই অঞ্চলের ওপর ভেনেজুয়েলার দাবি পুনর্মূল্যায়নের কথা বলা হয়। তবে গত ছয় দশকেও সেই সংকটের কোনো সমাধান হয়নি। ২০১৫ সালে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অঞ্চলটিতে তেল অনুসন্ধান করতে গেলে বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানে বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলেছে গায়ানা।