কিউবার এজেন্ট হয়ে কাজ করার অভিযোগে সাবেক মার্কিন কূটনীতিক ভিক্টর ম্যানুয়েল রোচাকে গ্রেপ্তার করা হয়েছে। নব্বইয়ের দশকে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে কাজ করেছেন। ওয়াশিংটন অভিযোগ করেছে, তিনি ৪০ বছর ধরে কিউবার কমিউনিস্ট সরকারের হয়ে গোপনে কাজ করেছেন। ম্যানুয়েল রোচা ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বলিভিয়ায় যুক্তরাষ্ট্রের দূত ছিলেন। এ ছাড়া ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি নিরাপত্তা পরিষদে কাজ করেছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিদেশি এজেন্ট হিসেবে সক্রিয় থেকে তার কর্মকাণ্ড পরিচালনার ঘটনা সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি অনুপ্রবেশ।’ ৭৩ বছর বয়সী রোচাকে গ্রেপ্তার করা হয় মিয়ামি থেকে। দীর্ঘ ২৫ বছরের কূটনীতিক জীবনে তিনি ডেমোক্রেট ও রিপাবলিকান; উভয় শিবিরেরই চলাফেরা করেছেন।