মমতাজের ৭ কোটির বাড়ি ল্যান্ড ক্রুজার গাড়ি 

ঢাকার মহাখালীতে প্রায় সাত কোটি টাকা মূল্যের পাঁচতলা একটি বাড়ি রয়েছে মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের। তিনটি ব্যক্তিগত গাড়ির মালিক তিনি। এর মধ্যে কোটি টাকার বেশি দামের ল্যান্ড ক্রুজার মডেলের একটি গাড়ি রয়েছে তার। ১ হাজার ৪০০ শতক জমির মালিক মমতাজের স্থানীয় নির্বাচনী এলাকায় তার বাবার নামে প্রতিষ্ঠিত একটি কোল্ড স্টোরেজে শেয়ার বিনিয়োগের পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা মমতাজের নির্বাচনী হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্টপ গ্রামের বাসিন্দা মমতাজ। তার বাবা (প্রয়াত) মনির উদ্দিন মধু বয়াতি। হলফনামায় মমতাজ শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পাস এবং পেশা হিসেবে কণ্ঠশিল্পী ও ব্যবসা উল্লেখ করেছেন।

মমতাজ স্থাবর সম্পদ হিসেবে ঢাকার মহাখালীতে ৬ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যের (অর্জনকালীন সময়ের) একটি পাঁচতলা বাড়ি এবং মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মণ্টপ এলাকায় ৫৭ লাখ ৫ হাজার ৪৪০ টাকার একটি দোতলা বাড়ির তথ্য উল্লেখ করেছেন হলফনামায়। এ ছাড়া ৪৪ লাখ ২ হাজার ৭৩৪ টাকা মূল্যের ৯০০ শতাংশ কৃষিজমি এবং ৫৬ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকার ৫০০ শতাংশ অকৃষি জমির তথ্য উল্লেখ করেছেন।

হলফনামায় তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছেন। দুটি মামলার একটি (ইন্ডিয়ান পেনাল কোড ৪২০/ ৪০৬/ ৩৮৪/ ৫০৬ ধারা) সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে ভারতের কলকাতার বহরমপুরের একটি আদালতে। এ ছাড়া কলকাতা হাইকোর্টে একটি ফৌজদারি মামলার শুনানি চলছে। মমতাজ তার বার্ষিক আয় দেখিয়েছেন কৃষি খাত থেকে ৩ লাখ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে ৫ লাখ ৫৬ হাজার ৮৯১ টাকা, কণ্ঠশিল্পী পেশা থেকে আয় ৭ লাখ, সংসদ সদস্য হিসেবে প্রতি বছর ভাতা ৬ লাখ ৬০ হাজারসহ আনুষঙ্গিক পারিতোষিক হিসেবে ১৬ লাখ ৫৮ হাজার টাকা বার্ষিক আয় আসে তার। অস্থাবর সম্পদ হিসেবে মমতাজ বেগম তার এবং স্বামীর নামে নগদ টাকার পরিমাণ দেখিয়েছেন ৫ লাখ টাকা। তার নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা এবং তার স্বামীর নামে ব্যাংকে রয়েছে ১৮ লাখ টাকা। তিনি হলফনামায় ‘মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডে তার নামে থাকা শেয়ারের আর্থিক পরিমাণ দেখিয়েছেন ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। একই কোল্ড স্টোরেজে মমতাজের তিন সন্তানের নামে রয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার। এ ছাড়া ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে তার। 

তিনটি গাড়ির মালিক মমতাজ ল্যান্ড ক্রুজার মডেলের একটি গাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ল্যান্ড ক্রুজার ভি-৮ নামে আরেকটি ৪৬ লাখ ২০ হাজার টাকা দামের গাড়ি এবং টয়োটা হায়েস মডেলের ২৪ লাখ টাকার একটি গাড়ি রয়েছে তার। স্বামীর নামে ৮ লাখ মূল্যের ১৩০০ সিসি ফান কার্গো মডেলের একটি গাড়ির তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামায় মমতাজ তার নামে ৫০ তোলা স্বর্ণের মূল্য (অর্জনকালীন সময়ে) দেখিয়েছেন ৪ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া ২ লাখ ৫০ হাজার টাকার এসি, টিভি, ফ্রিজসহ ইলেকট্রিক সামগ্রী এবং ৩ লাখ ২০ হাজার টাকার আসবাব রয়েছে তার। মমতাজ হলফনামায় মধু উজালা কোল্ড স্টোরেজের নামে আর্থিক প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা ঋণ দেখিয়েছেন।