পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং

নির্বাচনের ফল নিয়ে অনুমান করতে চায় না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলোর অংশগ্রহণ না থাকার প্রেক্ষাপটে ভোটের ফল নিয়ে কোনো অনুমান করতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। গত সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকার নজিরবিহীন উপায়ে বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করে নির্বাচন করতে যাচ্ছে। হেফাজতে মৃত্যু বাড়ছে। গত ছয়দিনে বিরোধী তিন কর্মীর মৃত্যু হয়েছে। বাড়িতে বিরোধী নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। নিজেদের বিজয় নিশ্চিত করতে নতুন করে কিংস পার্টি তৈরি করে তাদের নির্বাচনে আনছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশির ভাগ বড় দল নির্বাচন বর্জন করছে। এ অবস্থায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার? জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা আগে বহুবার বলেছি, এখনও বলব, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। বাংলাদেশের জনগণের কল্যাণে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়ে যাব।’