সকাল থেকেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মাঝে হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু সেটাও থেমে যায়। তারপর আর কেউ হাল ধরতে পারেননি। তাতে ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে টাইগাররা।
প্রথম সেশনের মতো দ্বিতীয়টিতেও ৪ উইকেট হারাল বাংলাদেশ। এবার ৩০ ওভারে হয়েছে মোটে ৬৯ রান। চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৯ রান।
৪ উইকেটে ৮০ রান নিয়ে দ্বিতীয় সেশনে খেলা শুরু করেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন পূর্ণ করেন জুটির পঞ্চাশ রান, বাংলাদেশ পেরিয়ে যায় একশ।
নিয়ন্ত্রণ যখন বাংলাদেশের পক্ষে আসার পথে, তখন 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' আউট হন মুশফিক। ভাঙে ৫৭ রানের জুটি। এরপর একে একে ড্রেসিং রুমের পথ ধরেন শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।
নিচের সারির ব্যাটসম্যানদের লড়াইয়ের আশায় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।