চলতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এবারও ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন রাজনীতিবিদ ও আইনপ্রণেতারা। তবে তালিকার পঞ্চম স্থানে এসে চমকে দিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী টেলর সুইফট।
‘অ্যান্টি-হিরো’ খ্যাত সুইফট প্রথম কোনো সঙ্গীতশিল্পী যিনি শুধুমাত্র গান এবং অভিনয়ের ওপর ভিত্তি করে ফোর্বসের প্রভাবশালী তালিকায় স্থান করে নিয়েছেন। প্রভাবশালীদের তালিকায় অবশ্য সঙ্গীতশিল্পী বিয়নসে এবং রিহানাও রয়েছেন।
ফোর্বস জানিয়েছে, সম্প্রতি ধনকুবের হয়েছেন ৩৩ বছর বয়সী সুইফট। তার বর্তমান সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। এছাড়া গানের রয়্যালটি ও ট্যুর থেকে আয় ৫০০ মিলিয়ন ডলার। অন্যদিকে মিউজিক ক্যাটালগ থেকে ৫০০ মিলিয়ন এবং রিয়েল এস্টেট থেকে প্রায় ১২৫ মিলিয়ন ডলার আয় রয়েছে তার।
কিছুদিন আগে অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই ২০২৩ সালে সবচেয়ে বেশি শোনা গানের তালিকা প্রকাশ করে। এ বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়েছে সুইফটের গান। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, এ বছর স্পটিফাই থেকে সুইফটের আয় ১০ কোটি ডলার। তার গান স্ট্রিমিং হয়েছে ২৬ বিলিয়ন থেকেও বেশি।