ফের মা হলেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’খ্যাত হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান। খবরটি প্রকাশ করেছে বিনোদনবিষয়ক সাময়িকী পিপল। অ্যান ও অ্যাডামের আগের সংসারে রয়েছে দুই ছেলে—১০ বছর বয়সী জোনাথন ও ৬ বছর বয়সী জ্যাক। গত জুনে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তৃতীয়বার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী।সেই ভিডিওতে সাদা পোশাকে ক্যামেরার সামনে হাজির হন অ্যান।তখন তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পেটে হাত রেখে হাসিমুখে ভক্তদের সুখবরটি জানান তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’
গত অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে তৃতীয় সন্তান আসার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন অ্যান।তিনি বলেছিলেন, নতুন অতিথিকে নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তবে চার সদস্যের পরিবার হিসেবে কাটানো সময়টুকুও উপভোগ করতে চেয়েছিলেন তারা। কারণ, নতুন সন্তান আসার পর পরিবারের সবার জীবনেই পরিবর্তন আসবে।
তৃতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেশ কিছুদিন গোপন রেখেছিলেন হ্যাথওয়ে। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমার প্রচারণার সময়ও বিষয়টি প্রকাশ করেননি তিনি।সিনেমাটির প্রচারণায় যেন মনোযোগ থাকে, সে কারণেই নিজের মতো করে সুখবরটি জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে হ্যাথওয়ে জানিয়েছিলেন, ৪৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তাদের জন্য ছিল বিস্ময়কর। মজা করে অনাগত সন্তানকে ‘বাজার-বিটার’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।