নরসিংদীতে ছয় নারী হাফেজকে স্বর্ণপদক

নরসিংদীর মনোহরদীতে ছয় নারী হাফেজকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন উম্মুল কুরা আদর্শ মহিলা মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। তারা মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছেন। স্বর্ণপদক পাওয়া হাফেজরা হলেন- হাফসা, সায়মা, সুমাইয়া, নাজিয়া নৌশিন, তাবাসসুম তোবা আঁখি ও হানান।

এ সময় সবাইকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন ছাত্রীদের হেফজের সবক দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবহান মো. আলী, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন মাঝি ও চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, কোরআন মাজিদের হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য মাদ্রাসা কর্র্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।