জামিন নামঞ্জুর অতঃপর...

জামিন নামঞ্জুর শুনে আদালতের কাঠগড়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেজাউল করিম নামে এক আসামি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে তোলে পুলিশ। সেই সময় আদালত অবশ্য তার (রেজাউল) জামিন মঞ্জুর করেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে এ ঘটনা ঘটে।

আসামি পক্ষের আইনজীবী এম. রাহিলা চৌধুরী রেখা বলেন, পারিবারিক বিরোধের জেরে গত ১৯ নভেম্বর রেজাউল করিম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাচ্চুর বিরুদ্ধে আদালতে মামলা করেন তার মা ছকিনা বেগম। আদালত ছেলে রেজাউল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার স্ত্রীর বিরুদ্ধে সমন জারি করেন।

আজ বুধবার ছেলে রেজাউল করিমের জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এই আদেশ শুনে কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়েন আসামি রেজাউল করিম। পরে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে তোলার পর আদালত জামিন মঞ্জুর করেন। আসামি রেজাউল বর্তমানে চমেক হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, আদালতে জামিন নামঞ্জুর করলে আসামি রেজাউল করিম আদালতে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ রেজাউলকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলে। সেই সময় আদালত আসামি রেজাউল করিমের জামিন মঞ্জুর করেন।