নিজের ভাগ্নে-ভাগ্নির বার্ষিক পরীক্ষার ফল ভালো হয়েছে শুনে আনন্দে হাতি নিয়ে স্কুলে হাজির হন মামা। স্কুলের আঙিনায় হাতির পিঠে উঠে আনন্দ উপভোগ করেন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিবাবকও। স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানতে এসে বাড়তি এ আনন্দ উপভোগ করতে থাকেন একে একে সকলেই।
আজ বৃহস্পতিবার দুপুরে এমন চিত্র দেখা যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে।
জানা যায়, হাতির মালিক কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছাদ আলীর ছেলে সালমান খান। বৃহস্পতিবার সালমানের ভাগ্নে-ভাগ্নির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তারা ভালো ফল করেছে জানতে পেয়ে তিনি নিজের হাতি নিয়ে তাদের আনতে ছুটে যান।
সালমান খান বলেন, ‘আমাদের দুটি হাতি। প্রায় সময়ই আমি ও মাহুত এভাবেই ঘুরে ঘুরে সবাইকে আনন্দ দিই। তবে কারো কাছ থেকে আমরা টাকা নিই না। আজ ওদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে জেনে আমি মাহুতের সহযোগিতায় হাতি নিয়ে সেখানে যাই। ছোট ছোট বাচ্চারা স্কুলের বাইরে বের হলে তাদের হাতির মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে আনন্দ দিই। পরে আমার ভাগ্নে-ভাগ্নিকে হাতির ওপর বসিয়ে বাড়ি নিয়ে আসি।
আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের অফিস সহকারী ও শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, এখন হাতির সংখ্যা খুব কম। স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন ছিল আজ। সালমান খানের বোনের ছেলে-মেয়েরা আমাদের স্কুলেই পড়াশোনা করে। তাদের রেজাল্টের খবর শুনে তিনি হাতি নিয়ে আমাদের স্কুলে হাজির হলে বাচ্চারা বাড়তি আনন্দ উপভোগ করেন।