আগামী ১৩ ডিসেম্বর অথবা এর মধ্যেই ভারতের পার্লামেন্ট তথা সংসদ ভবনের ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এই হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ‘শিখ ফর জাস্টিসের’ এই শীর্ষনেতা।
ওই ভিডিওতে পান্নুন যে দিনের কথা উল্লেখ করেন, ২২ বছর আগে সেই দিনেই সংসদ ভবনে জঙ্গি হামলা চালানো হয়।
২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনে হামলা চালানো হয়। এই ঘটনায় মৃত্যুদণ্ড হয় আফজাল গুরুর। নিজের ভিডিওতে সেই আফজালের পোস্টার ব্যবহার করেছেন পান্নুন। ওই পোস্টারে লেখা ছিল, ‘দিল্লি বানেগা খলিস্তান (দিল্লি হবে খালিস্তান)।’
ভিডিওতে পান্নুন আরও দাবি করেন, তাকে হত্যার ছক কষেছিল নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তা ব্যর্থ হয়েছে। আর সেটার প্রতিশোধ নিতেই এবার ভারতীয় সংসদের ভিত নাড়িয়ে দেওয়া হবে।
সম্প্রতি পান্নুনকে নিউ ইয়র্কে হত্যাচেষ্টা করেছিল বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। তাকে হত্যাচেষ্টায় জড়িত অভিযোগে নিখিল গুপ্ত (৫২) নামের এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তাকে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিউ ইয়র্কে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।