যুক্তরাষ্ট্র-রাশিয়ার আরেক দফা পাল্টাপাল্টি

শ্রম আইন বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ : হাস

শ্রম আইন বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তৈরি পোশাকশিল্প ও এর বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারকে এগিয়ে নিতে বাংলাদেশের বেসরকারি খাত ও অন্য অংশীজনদের সঙ্গে আরও গভীরভাবে কাজ করতে আগ্রহী।

রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ কটন ডে ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিটার হাস এ কথা বলেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিবেশ তৈরিতে শক্তিশালী শ্রম আইন ও বাস্তবায়ন অত্যাবশ্যক।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা ‘একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক ও প্রমাণ-ভিত্তিক’ জাতীয় মজুরি নীতির বাস্তব প্রয়োজনীয়তাকে নিদের্শ করেছে, যা গার্মেন্টস শ্রমিকদের গুরুতর অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলা করবে।

তিনি বলেন, ‘আমরা যদি তৈরি পোশাক খাতের দিকে তাকাই, তবে দেখতে পাই এখানে বাংলাদেশে আমাদের মিশনের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হলো এ খাতে একটি টেকসই ও ব্যাপক অংশীদারমূলক সমৃদ্ধি নিশ্চিত করা।’

পিটার হাস বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের অব্যাহত প্রবৃদ্ধি ও টেকসইয়ের জন্য শ্রম অধিকার গুরুত্বপূর্ণ। আর শ্রমিকদের মান উন্নয়ন ও ন্যায্য অধিকারের মাধ্যমেই এটি অর্জন সম্ভব।

মার্কিন রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৬ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ‘অ্যাডভান্সিং ওয়ার্কার এমপাওয়ারমেন্ট, রাইটস অ্যান্ড হাই লেবার স্ট্যান্ডার্ডস গ্লোবালি’ শীর্ষক মার্কিন প্রেসিডেন্টের নতুন স্মারকলিপি ঘোষণা করেন।

তিনি বলেন, এ নতুন বৈশ্বিক শ্রম কৌশলটি সব মার্কিন সরকারি সংস্থাগুলোকে সরকার, শ্রম সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে সংগঠন এবং সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার প্রচার ও সুরক্ষার জন্য সম্পৃক্ততা জোরদার করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূত পিটার হাসকে তৈরি পোশাক শিল্প ও শ্রমিকদের জন্য তারা কী করছেন, তা মার্কিন প্রশাসনকে জানাতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তৈরি পোশাক খাতের অন্য সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন।