দিনে এক বোতল বেবি পাউডার খান যে নারী!

শিশুদের প্রসাধনীর মধ্যে জনপ্রিয় জনসন বেবি পাউডার। শিশুদের ত্বকের এই পাউডার খাওয়া যায় তাও আবার দিনে পুরো বোতল তা হয়তো আপনার কল্পনার বাইরে। কিন্তু ঠিক এটাই করেন যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী ড্রেকা মার্টিন।  

সংবাদমাধ্যম মিররের বরাতে ড্রেকার এই বেবি পাউডার খাওয়ার খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ড্রেকা মার্টিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সের বাসিন্দা। দিনে ৬২৩ গ্রামের গোটা এক বোতল জনসন অ্যালোভেরা এন্ড ভিটামিন ই বেবি পাউডার খাওয়ার অভ্যাস তার। এবছর এখন পর্যন্ত ৪ হাজার ডলারের বেবি পাউডার খেয়েছেন তিনি। শুরুর দিকে নিজের বাচ্চাদের গোসল করিয়ে তাদের শরীরে যে পাউডার দিতেন তা অল্প চেখে দেখতেন। এরপর থেকে রীতিমতো পাউডার খাওয়ার লোভে পড়ে যান তিনি।

অথচ জনসন বেবি পাউডারের বোতলের গায়ে লেখা আছে এটি কেবল ত্বকে ব্যবহারের পাউডার, শরীরের ভেতরকার জন্য নয়। তবে ড্রেকা জানিয়েছে, নিয়মিত এই পাউডার খেলেও এখনো হজম বা অন্য কোনো শারীরিক জটিলতায় পড়েননি।

ড্রেকা নিজের পাউডার আসক্তি নিয়ে বলেন,’ আমি বেবি পাউডার খেতে খুবই ভালবাসি। এর যেমন গন্ধ, তেমন স্বাদ। খেতে খুব ভাল লাগে আমার। তবে আমি পাউডার খাওয়া ছাড়তে চাই,কিন্তু আমি পারছিই না। আমার জিভে পানি এসে যায়, এমনকি আমাকে যদি খাবার ছেড়ে কেবল পাউডার খেতে হয়, তাও খাবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম প্রথম পরিবারের কেউ জানতো না আমি বেবি পাউডার খাই, কিন্তু পাউডার এত দ্রুত শেষ হওয়ায় আমি ধরা পড়ে যাই। আত্মীয়-স্বজন, বন্ধুরা আমাকে বোঝায়, পাউডার খেলে আমি অসুস্থ হয়ে যাবো। আমিও তাদের কথায় চেষ্টা করেছি পাউডার না খেতে। কিন্তু এটা এতো সহজ না, আমি এখনো গন্ধ শুঁকি, এরপর আর নিজেকে আটকাতে পারি না।’

পেশায় একজন মেকআপ আর্টিস্ট ড্রেকা অবশ্য নিজের অভ্যাস নিয়ে চিন্তিত না হলেও তার ছোট্ট শিশুকে নিয়ে শঙ্কিত। কারণ মাকে পাউডার খেতে দেখলে সেও এখন পাউডার খেতে চায়। নিজের সন্তানকে নিয়ে এমন শঙ্কা থাকলেও আপাতত ড্রেকা বেবি পাউডার খাওয়া ছাড়বেন, এমন কোনো পরিকল্পনা তার নেই বলে জানান।