মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নিহত, রাজ্যজুড়ে সহিংসতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি 'এল মেনচো' নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় পরিচালিত এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। তার নিহতের ঘটনায় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান এল মেনচো রবিবার (২২ ফেব্রুয়ারি) জালিসকো অঙ্গরাজ্যের তাপালপায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা যান। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে চার কার্টেল সদস্য নিহত এবং তিন সেনা সদস্য আহত হন।

তার মৃত্যুর প্রতিশোধ হিসেবে সন্দেহভাজন সিজেএনজি সদস্যরা অন্তত এক ডজন অঙ্গরাজ্যে আগুন জ্বালিয়ে যানবাহন ফেলে সড়ক অবরোধ করে। জালিসকোসহ বিভিন্ন এলাকায় রাস্তায় সশস্ত্র লোকজনের উপস্থিতির খবর পাওয়া যায়। গুয়াদালাহারাসহ একাধিক শহরে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় জালিসকোর গভর্নর পাবলো লেমুস নাভারো 'কোড রেড' জারি করে গণপরিবহন, শিক্ষা কার্যক্রম ও জনসমাবেশ স্থগিত করেন।

সহিংসতার চূড়ান্ত পর্যায়ে দেশজুড়ে প্রায় ২৫০টি সড়ক অবরোধের ঘটনা ঘটে, যার মধ্যে শুধু জালিসকোতেই ছিল কয়েক ডজন। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা জানায়, এ ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দোকানপাট ও প্রায় ২০টি ব্যাংক শাখায় হামলার ঘটনা ঘটেছে। 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম বলেন, ফেডারেল ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে এবং তিনি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানান। তার দাবি, দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক কার্যক্রম চলছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স ও আমেরিকান এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা জালিসকো গামী ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের পাঁচটি অঙ্গরাজ্যে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যও ভ্রমণকারীদের চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।    

এল মেনচোর অবস্থানের তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর বিশেষ বাহিনী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় এই অভিযান পরিচালনা করে। মার্কিন কর্মকর্তারা তাকে কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানিলের সবচেয়ে বড় ডিলার হিসেবে বর্ণনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত