ইরাকে মার্কিন দূতাবাসে হামলা

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস রকেট হামলার মুখে পড়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকে এই আক্রমণ চালানো হয়। দূতাবাসের মুখপাত্র জানান, এতে কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। কেউ এখনো এর দায় স্বীকার করেনি।    

ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর সিরিয়া ও ইরাকে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে শিয়া মতাবলম্বী ইরানের সমর্থনপুষ্ট যোদ্ধারা। তবে দূতাবাসে হামলার ঘটনা এই প্রথম ঘটল।

দূতাবাসের মুখপাত্র বলেন, ‘আমরা ইরাকের সরকারের কাছে আহ্বান জানাই, কূটনীতিকদের পাশাপাশি সহযোগী দেশের সেনা ও সুবিধার নিরাপত্তা নিশ্চিত করতে যেন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, যা আমরা আগেও অনেকবার বলেছি।’