শাহজাহান ওমরের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী শাহজাহান ওমরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মো. জাকির নামের স্থানীয় একজন ভোটার ইসিতে আপিল করেন।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন শাহজাহান ওমর। আপিলে তার বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

ইসির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের আপিলসংক্রান্ত যেসব তথ্য দেওয়া হয়, সেখানে শাহজাহান ওমরের বিরুদ্ধে আপিলকারী হিসেবে মনিরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। মনিরুজ্জামান ওই আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি প্রার্থিতা ফিরে পেতেও আপিল করেছেন।

আজ রাতে মনিরুজ্জামান বলেন, তার পক্ষে এলাকার একজন ভোটার শাহজাহান ওমরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন। শাহজাহান ওমর তার হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করেছেন। ২০১৮ সালের নির্বাচনের সময়ও তার হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য ছিল। এবার সেগুলো নেই। এটি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।