বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ পিরানহা মাছের সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর হামলা করেছে কয়েকজন মাছ ব্যবসায়ী। শাহ আলম (৩৮) নামের ওই সাংবাদিক স্থানীয় একটি পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। বিকেলে এ বিষয়ে গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়িতে ছয় তারা মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে। এসময় সংবাদ সংগ্রহে সকাল ১০টায় ওই মৎস্য আড়তে গিয়ে ঘটনার সত্যতা পান। এসময় তথ্য সংগ্রহ ও ছবি তোলার চেষ্টা করলে শাহ আলমকে স্থানীয় মহিষাবান মধ্যপাড়ার শাহাদত হোসেন বাবু, বদিউজ্জামান ওরফে বদি, মো. আকালু, মো. রায়হান, আপেল মাহমুদসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত তার উপর হামলা করেন। এছাড়াও তার হাতে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ জানান, এর আগেও ওই আড়তে পিরানহা মাছ বিক্রি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ফের বিক্রি হচ্ছে বিষয়টি দুঃখজনক।
গোলাবাড়ি বনিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাদশা জানান, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও সাংবাদিক শাহ আলমকে মারপিটের বিষয়টি জেনেছি। উভয়পক্ষকে মীমাংসার জন্য ডেকেছি।
এ বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাংবাদিক শাহ আলমকে মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। খুব দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।