হারারেতে সিরিজের শেষ টি২০তে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আয়ারল্যান্ড। নিষেধাজ্ঞায় থাকা অধিনায়ক সিকান্দার রাজাকে ছাড়া খেলা দুই ম্যাচের দুটিতেই হারলো জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেওয়া ১৪১ রানের লক্ষ্য আট বল ও ৬ উইকেট হাতে রেখেই অর্জন করে আয়ারল্যান্ড।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক রায়ান বার্ল। ব্রায়ান বেনেট ও ক্লাইভ মাদানদে দুজনই ২৭ রান করেন। পঞ্চম উইকেটে ৫৫ রানের একটি জুটি ছাড়া নিয়মিত উইকেট হারানোর খেসারত দেয় জিম্বাবুয়ে। তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪০ রান। গ্যারেথ ডিলানি মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। জশ লিটল ও ক্রেইগ ই্য়ংও দুটি করে উইকেট পান।
জবাবে ৩৭ রানের মধ্যে ৪ উইকেট হারালেও হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিকে ম্যাচের পাশাপাশি সিরিজও নিজেদের করে নেয় আইরিশরা। টেক্টর ৪৫ বলে ৫৪ এবং ডকরেল ৩২ বলে ৪৯ রান করেন। ম্যাচসেরা হন ডকরেল। ১২৬ রান করে সিরিজসেরা হয়েছেন হেরি টেক্টর।