রাজশাহীর নিউ মার্কেট এলাকায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ‘থিম ওমর প্লাজা মার্কেটের’ পেছনে ও তার রাজনৈতিক কার্যালয়সংলগ্ন একটি ম্যানহোল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম নয়নাল উদ্দিন (৬১)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে জনসাধারণের প্রবেশের সুযোগ নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত নয়নাল উদ্দিনের বাড়ি রাজশাহীর কাটাখালী শ্যামপুর এলাকায়। দু-এক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
থিম ওমর প্লাজার কর্মচারী ও স্থানীয়রা জানান, নিউ মার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন শপিং সেন্টার থিম ওমর প্লাজাসংলগ্ন তার রাজনৈতিক কার্যালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। প্রতিদিনই বিকেলের পর থেকে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় হয়। অনেক রাত পর্যন্ত থাকে লোকজন। থিম ওমর প্লাজার ভেতর থেকে এখানে প্রবেশের একটি গেট রয়েছে এবং সংসদ সদস্যের কার্যালয়ের সামনে রয়েছে একটি বড় গেট। মূলত সংসদ সদস্য ওমর ফরুক চৌধুরী থাকাকালে এখানে নেতাকর্মীর ভিড় থাকে। অন্য সময় এখানকার গেটটি বন্ধ থাকে। এই কার্যালয়সংলগ্ন ম্যানহোলে গতকাল সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেন সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। যে স্থানটিতে মরদেহ পড়ে ছিল ওই এলাকাটি গ্রিল দিয়ে ঘেরা এবং সাধারণ মানুষের ওই এলাকায় প্রবেশের সুযোগ নেই।
পুলিশ বলছে, কীভাবে সেখানে মরদেহ গেল এসব নিয়ে তারা কাজ করছে। খবর পেয়ে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিলুর ইসলাম বলেন, থিম ওমর প্লাজার সিকিউরিটিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সকাল ১০টার পর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।