রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম ওয়াসিফ উল্লাহ (২১)। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওয়াসিম পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে থাকতেন। তার বাবার নাম সুরত উল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যু্বক। তখন শিকড় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।