কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার। ৬৮ বছর বয়সী রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।
২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন রিফাত। একই বছরের ৫ জুলাই শপথ নেন তিনি। এরপর ১৭ মাস দায়িত্ব পালন করেন।
রিফাত নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে। তিনি দুইবার কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।