সরকারের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করা যাবে: ইসি 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সরকারের অনুমতি নিয়ে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুধবার সন্ধ্যায় তিনি বলেন, নির্বাচনে বাধা দেয়- এমন সভা, সমাবেশ, আন্দোলন কর্মসূচি যদি থাকে, সেটি যেন না করতে দেয়া সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচনের প্রচার শুরুর পর থেকে ভোটের আগ পর্যন্ত যে কোনো দলের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। কমিশনের এই চিঠি নাগরিকদের অধিকার ক্ষুন্ন করার পর্যায়ে পড়ে কি না এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, এ ধরনের কর্মসূচিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হয়। সরকার অনুমতি দিলে করবে। এখানে আমাদের কোনো বক্তব্য নেই।

ভোট বর্জন করে এক দফার আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলের হরতাল-অবরোধের মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। 

নির্বাচন বর্জনকারী দলগুলোর ভোট বিরোধী আন্দোলন কর্মসূচি জনমনে আতঙ্কের সৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জন্য ইসি চিঠি দেয়নি মন্তব্য করে আলমগীর বলেন, যে কোনো রাজনৈতিক দল বলতে পারে যে, ভোটে অংশ নেবে না, ভোট দিতে না আসার আহ্বানও জানাতে পারে। সেটা শান্তিপূর্ণ হলে কোনো নিষেধ নেই।