দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শিবচরের শাহজালালের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল (৩৫) নামের এক ব্যক্তি। 

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার শোনামিয়া মাদবরের ছেলে। তিনি দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকতেন। নিহতের চাচাতো ভাই সামাদ মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যান। সেখানে বরিশালের গোপালের সঙ্গে একটি দোকান দেন। গতকাল স্থানীয় সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে আজ ভোরে তার মৃত্যুর খবর বাড়িতে এলে শোকের ছায়া নামে।

নিহতের চাচাতো ভাই মিলন মাদবর বলেন, আমার ভাই ৮/৯ বছর যাবৎ বিদেশে গেছে। ভোরে ওর ব্যবসায়িক পার্টনার গোপালের কাছে মৃত্যুর খবর পাই।

নিহতের মা সুরিয়া বেগম বলেন, আমার বাবাকে একটু ফোন দেন আমি ওর সাথে কথা বলব। আমার বাবারে দেড়ামাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কদিন পর বাবায় বাড়ি আইব। বাড়িতে আমার বউমা আনব। আর কিছুই হইল না। আপনারা আমার বাবার লাশটা দ্রত আনার ব্যবস্থা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মর্মান্তিক ঘটনা। মৃতদেহ দেশে আনতে যদি কোনো সহায়তা দরকার হয় তাহলে আমরা সেটা করব।