মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজ বিশ্বের মধ্যে ইতিহাস গড়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নির্বাচনের পূর্বে ঘোষণা করেছেন। এক মাসের মধ্যেই আমরা তা বাস্তবায়নের দৃশ্যমান দেখছি।
সোমবার (৪ মে) বিকেলে মাদারীপুরের শিবচর পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর মধ্যে কোনো সরকার নির্বাচনের আগে জাতির কাছে যে ওয়াদা করেছে, কোনোদিন তা বাস্তবায়ন করতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এক মাসের মাথায় ৩৭ হাজার ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। কৃষকের জন্য ১০ হাজার টাকার ঋণ সুদ মওকুফ করেছেন। স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দিয়েছেন, মসজিদের ইমামদের সম্মানী ভাতা দিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও পুরোহিতদের জন্য ভাতা দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসসহ বিভিন্ন উপকরণ দিয়েছেন। অনার্স পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জাহান্দার আলী মিয়া আরও বলেন, দলকে শক্তিশালী করতে যত দ্রুত সম্ভব ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় নির্দেশনা মেনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব।
জাপানে জামায়াত আমিরকে গণসংবর্ধনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার